বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৮

পঞ্চগড়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা উসমান গনি গ্রেফতার

ছবি: বাসস

পঞ্চগড়, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গনিকে (৩৫) গ্রেফতার  করেছে পুলিশ।

আজ রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। 

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসমান গনির নাম উল্লেখসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা করে। দুই মামলায় মোট ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে এবং একই দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন বৈঠক ও সরকারবিরোধী ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ পৌঁছালে তারা পালিয়ে যান। 

প্রথম মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক ও সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

একই দিন রাতের ঘটনায় দ্বিতীয় মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান। এ মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। 

এ ছাড়া আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় উসমান গনিকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।