শিরোনাম

সাতক্ষীরা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় অবৈধভাবে দখল হওয়া জেলা পরিষদের জায়গা উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন পরিদর্শনে উপজেলা সদরের শ্যামনগর থানার সামনে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে জায়গাটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন, শ্যামনগর থানার ওসিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পত্তি পরিদর্শন করেন।
পরে তিনি শ্যামনগরের নীলডুমুর ডাকবাংলো, চন্ডিপুর ২২ বিঘা পুকুর, আকাশনীলা ইকোপার্কসহ উপজেলার বিভিন্নস্থানে জেলা পরিষদের সম্পত্তির অবস্থা সরেজমিনে দেখেন।
এসব সম্পত্তি কীভাবে অবৈধ দখলমুক্ত করে সঠিকভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা পরিষদের প্রশাসক হাবিব বলেন, শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের যেসব সম্পত্তি বিভিন্ন সময়ে দখল হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এসব সম্পত্তি আইন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা গেলে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে গতকাল বুধবার দীর্ঘ প্রায় ৩০ বছর পর সাতক্ষীরার আশাশুনি থেকে জেলা পরিষদের ৫৫ শতক জমির ওপর খননকৃত পুকুর দখল মুক্ত করেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।