বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৮

শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

ছবি: বাসস

লালমনিরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ।

আজ লালমনিরহাট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলার মাদ্রাসা, কারিগরি শিক্ষা ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়বে। তাই তাদের শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধ এবং আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের আরো আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে।

সভায় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন।