বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা 

ছবি : বাসস

মাগুরা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সংশ্লিষ্ট আইন, আচরণবিধি ও নির্বাচনকালীন করণীয় বিষয়ে বিস্তারিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, নির্বাচনকালে বডি অন ক্যামেরা (Bodz Worn Camera)ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা গেলে নিরাপত্তা নিশ্চিতকরণ আরও সহজ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা  পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে জেলার প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশি টহল, চেকপোস্ট ও মোবাইল টিম কাজ করবে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি সকলকে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ৪ থেকে ৫টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নির্বাচনি অ্যাপসের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারের বিষয়েও সভায় আলোচনা করা হয়।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ, দ্রুত তথ্য আদান-প্রদান ব্যবস্থা শক্তিশালীকরণ এবং পেট্রোল পাম্প থেকে বোতলে তেল বিক্রি বন্ধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।