বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

দশম ওয়েজবোর্ড গঠন ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ কাল

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ (বুধবার) সংগঠন দুটির এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ আহ্বানে সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দকে যথাসময়ে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যৌথ বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধির মধ্যে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে দিশেহারা।

বিএফইউজে-ডিইউজে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত ‘নবম ওয়েজবোর্ড রোয়েদাদ’ নানা আইনি ও প্রশাসনিক অজুহাতে অনেক সংবাদমাধ্যম আজ পর্যন্ত বাস্তবায়ন করেনি। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তঝরা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তারা বলেন, সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি অনুমোদিত জাতীয় বেতনস্কেলে ব্যাপক বেতন বৃদ্ধি করা হয়েছে; তবে গণমাধ্যমকর্মীদের বাদ রেখে কেবল সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ালে সমাজে তীব্র বৈষম্য তৈরি হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, চতুর্থ রোয়েদাদ পর্যন্ত সাংবাদিকদের বেতন-ভাতা সরকারি কর্মচারীদের চেয়ে উন্নত ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় সাংবাদিক সমাজ আজ উপেক্ষিত। অবিলম্বে দশম ওয়েজবোর্ড ঘোষণা, নিয়মিত বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং নবম ওয়েজবোর্ড না দেওয়া প্রতিষ্ঠানগুলোতে বকেয়াসহ তা বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ দাবি করেন তারা।