শিরোনাম

নেত্রকোণা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের ভোটগ্রহণ কর্মকর্তাদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ সোমবার নেত্রকোণা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক।
নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সিহাব উদ্দীন।
প্রশিক্ষণ কর্মশালায় নেত্রকোণা-২ আসনের (সদর-বারহাট্টা) বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য নির্ধারিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ভোটগ্রহণের কারিগরি দিক, ব্যালট ব্যবস্থাপনা এবং আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।