শিরোনাম

নেত্রকোণা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন, সেনাবাহিনী ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনের দিন এবং এর পূর্ববর্তী ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ দপ্তরের প্রস্তুতির কথা তুলে ধরেন। সভায় সুষ্ঠু নির্বাচন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সকল স্তরের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।