শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার রাত ৩টার দিকে কিডনিজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মো. নূরুজ্জামান বাদল বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার বেলা আড়াইটায় মো. নূরুজ্জামান বাদলের জানাজা অনুষ্ঠিত হবে। শেরপুর সদরের পৌর পার্ক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় ইমামতি করবেন জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা ছামিউল হক ফারুকী।
আজ বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের ইমামতিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মো. নূরুজ্জামান বাদলের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন- যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি।’ সেই সাথে তিনি মরহুমের শোকসন্তোপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।