শিরোনাম

কিশোরগঞ্জ, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলার বিভিন্ন উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টিতে ৩৮৬৪ হেক্টর জমির বোরোধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ও রাতে দুই দফায় হওয়া এ শিলাবৃষ্টিতে জেলার ৩ হাজার ৮৬৪ হেক্টরের বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
জানা গেছে, হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলাসহ জেলা সদর, পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদী ও ভৈরবের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। অনেক স্থানে শিলার পরিমাণ এতটাই বেশি ছিল যে জমি ও সড়ক সাদা হয়ে যায়।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠামইন উপজেলার ২ হাজার ৫০০ হেক্টর জমির বোরোধান। এছাড়া ইটনায় ৯৮৬ হেক্টর, অষ্টগ্রামে ১৪০ হেক্টর, নিকলীতে ১০০ হেক্টর, পাকুন্দিয়ায় ১২০ হেক্টর, হোসেনপুরে ১০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হেক্টর এবং ভৈরবে ২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, পাকুন্দিয়ার বিভিন্ন এলাকা ঘুরে সবজির ক্ষেতেও বেশ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান বাসসকে বলেন, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরোধানের। বিশেষ করে হাওরাঞ্চলে ক্ষতির মাত্রা বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি নিজেও হাওরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানান।
অন্যদিকে, জেলার নিকলী আবহাওয়া অফিসের বেলুন মেকার আলতাফ হোসেন জানান, রাতে নিকলীতে ১৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে।