বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:২১

যশোরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

যশোর, ২২ আগস্ট ২০২৬ (বাসস): জেলার মণিরামপুর উপজেলায় আজ শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ইয়াসমিন (৬) ও জিসান (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুর ১২টায় মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাওড়ে এ ঘটনা ঘটে।

মৃত শিশু ইয়াসমিন জেলার মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের মেয়ে। অন্যদিকে মৃত শিশু জিসান একই এলাকার মফিজুর রহমানের ছেলে জিসান। মৃত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই শিশু ইয়াসমিন ও জিসান একসঙ্গে বাওড়ে শাপলা তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।