শিরোনাম

মো. মামুন ইসলাম
রংপুর, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা মিছিল হয়েছে রংপুরে। কর্মসূচির প্রাক্কালে নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আজ (শনিবার) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল এই মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় রংপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন এবং সিনিয়র আহ্বায়ক মো. শহীদুল ইসলাম মিজু।
মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় তারা সমগ্র উত্তরাঞ্চলের মানুষের মতো তারাও সমানভাবে আনন্দিত ও গর্বিত।
তারা বিশ্বাস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুজন পরীক্ষিত, দেশপ্রেমিক, সৎ, যোগ্য ও ত্যাগী ব্যক্তিকে উপযুক্ত স্থানের জন্য নির্বাচন করেছেন।
তারা আরও বলেন, রংপুর দীর্ঘদিন থেকে উন্নয়নবঞ্চিত ছিল। এ অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে তারা দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
বিএনপির নেতাকর্মী ছাড়াও শুভেচ্ছা মিছিলে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীকে মর্যাদাপূর্ণ পদে মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ জানান পথচারীরাও।
বাসসের সঙ্গে আলাপকালে বিএনপির কর্মী মো. মাসুম, হাফিজুর রহমান এবং পথচারী আরমান হোসেন ও সুমনা রহমান বলেন, উত্তরবঙ্গের এই দু’জন ত্যাগী নেতা রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগের দীর্ঘদিনের উন্নয়নবৈষম্য বাস্তবেই দূর হবে।
আকলিমা খাতুন নামে এক গৃহবধূ বলেন, বর্তমান রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দুজনেই ত্যাগী, সৎ, কর্তব্যনিষ্ঠ, দেশপ্রেমিক হওয়ায় সারাদেশের সঙ্গে রংপুর বিভাগেও ব্যাপক উন্নয়ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।