বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৮:০২

নাটোরে বাসের চাপায় দুইজন নিহত

নাটোর, ২২ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক আবু সাঈদ ও ভ্যানের যাত্রী সাব্বির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন। 

আজ শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, অটোভ্যানের যাত্রী নাটোর সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন (২৩) এবং ভ্যানের চালক একই উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে আবু সাঈদ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক ও যাত্রী ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। পরে বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শেখ মো. জাকির হোসেন বাসসকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।