বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১২:৪০
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১২:৪৭

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): আগামীকাল ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা শহরকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত জনপদে গড়ে তোলার প্রত্যয়ে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু  হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একযোগে এ পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দদের নেতৃত্বে ১২ টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পরিচালনা করা হয়।

এতে অংশ নেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদসহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও  শিক্ষকমন্ডলী, স্বেচ্ছাসেবী সংগঠন ও নানান শ্রেণি পেশার মানুষ।

শহরের গুরুত্বপূর্ণ মোড়, প্রধান সড়ক এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা ও অবৈধ দখল উচ্ছেদে এ বিশেষ অভিযান চালানো হয়। মূলত ১২টি দলে ভাগ হয়ে চুয়াডাঙ্গার নানান শ্রেণি পেশার মানুষ ড্রেন পরিষ্কার ও রাস্তার পাশের বর্জ্য অপসারণ করেন। অভিযানে শুধু পরিষ্কার করাই নয়, বরং সাধারণ মানুষকে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গাকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতেই এই ধারাবাহিক কর্মসূচি। যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণ রোধে সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।