বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১১:৪৬

নাটোরে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

নাটোর, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। 

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আসমা শাহীন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়াল ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ ফরিদ হোসেন প্রমুখ।

এর আগে নাটোর সদরের ফুলবাগান বধ্যভূমিতে সকাল সাড়ে ৯টায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা তথ্য অফিস ফুলবাগান বধ্যভূমি প্রাঙ্গণ এবং শহরের জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করছে।

এছাড়াও বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মুনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাত দশটা ৩০ মিনিটে এক মিনিটের জন্যে কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যতীত প্রতীকী ব্লাক-আউট করা হবে।