বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটে ৬ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

মঙ্গলবার রাতে বাগেরহাট খানজাহান আলি মাজার গেটে প্রধান মহা সড়কে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হয়েছে।ছবি: বাসস

বাগেরহাট, ২৫ মার্চ ২০২৬ (বাসস) : বাঙালির গৌরবময় ইতিহাসে ২৬ মার্চ এক অবিনাশী আলোকবর্তিকা। জাতীয় জীবনে দিনটি স্বাধীনতার অগ্নিঝরা সূচনার স্মারক হিসেবে চিরভাস্বর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসন ৬ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে।

গত ২০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলমান এ কর্মসূচির অংশ হিসেবে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ২৫ মার্চের গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা।

এছাড়া রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

২৫ মার্চ রাতে শহীদদের স্মরণে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। একই রাতে রাত ১০টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে।

২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দশানি মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

বাগেরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসকের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ বেলা ১১ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

এছাড়া বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাদ যোহর সকল ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

দিবসটি উপলক্ষে জেলার সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সেবাকেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দেশত্ববোধক সংগীত পরিবেশনসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বাগেরহাট খানজাহান আলি মাজার গেটে প্রধান মহা সড়কে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শন করা হয়েছে। নতুন সরকার তথা বিএনপি সরকার গঠন করার পর এই প্রথম বারের ন্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।