শিরোনাম

পিরোজপুর, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
তার এই দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ বেলা ১১ টায় পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, পিপি এডভোকেট আবুল কালাম আকন, জিপি সৈয়দ সাব্বির আহমেদসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সফলতা কামনা করে বলেন, তার নেতৃত্বে পিরোজপুর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। এই সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত অতিথিরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন দোয়া মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তারেক রহমানের সফলতা, দেশ ও জাতির কল্যাণ, পিরোজপুর জেলার উন্নয়ন কামনা করা হয়।