বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৪:২৮
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:৪৯

নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। ছবি: বাসস

নড়াইল, ২৪ মার্চ, ২০২৬ (বাসস): ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারব যক্ষ্মা নির্মূল করতে’ এ প্রতিপাদ্যে নড়াইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। 

নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আজ মঙ্গলবার সকালে দিবসটি পালনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রণজিত সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। 
এ অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যক্ষ্মা রোগের ভয়াবহতা এবং এটি প্রতিরোধে জনসচেতনতার উপর গুরত্বারোপ তুলে ধরেন। তারা বলেন, যক্ষ্মা এখন আর মরণব্যাধি নয়, সঠিক সময়ে নিয়ম মেনে চিকিৎসা নিলে এই রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব। সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বিনামূল্যে রোগ নির্ণয় ও ওষুধের সুবিধা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।