বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৩:১১
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৩:১৯

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোর, ২৪ মার্চ ২০২৬ (বাসস): জেলার লালপুরে ট্রাকের নীচে চাপা পড়ে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ যাত্রী আহত হন।

আজ মঙ্গলবার সকাল ৭ টায় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির হোসেন (২৭)।

জানা যায়, আজ সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক ইজিবাইককে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর থানার ওসি মজিবর রহমান বাসসকে জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।