শিরোনাম

নড়াইল, ৯ মার্চ ২০২৬ (বাসস): পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নির্বিঘ্নে ঈদ উদ্যাপন উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং উৎসবকালীন সময়ে যে-কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম.রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।