শিরোনাম

ঝিনাইদহ, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ১৫শ’ অসচ্ছল মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের অসহায় ও দরিদ্রদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ট্যাগ অফিসার সন্দীপ কুমার, ঘোড়শাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহেদুজ্জামানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, ঘোড়শাল ইউনিয়নের ১৪টি গ্রামের মোট ১ হাজার ৫৫৪ মানুষের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেককে ১০ কেজি করে মোট ৩৮৮ মণ চাল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১ হাজার ৫৫৪ জন উপকারভোগীর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। অসহায় দরিদ্র মানুষের মধ্যে ঈদে খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।