বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯

খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাল্গুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে ফাল্পুনের গান। পলাশ আর শিমুলের মেলা বসেছে। ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।

শনিবার পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। হরেক রকমের ফুল দিয়ে নিজেকে সাজিয়ে ও  রঙিন পোশাক পরে খাগড়াছড়ির সকল বয়সের নারী-পুরুষ আজ বরণ করে নিচ্ছেন ঋতুরাজ বসন্তকে। একই সাথে তারা পালন করছেন বিশ্ব ভালোবাসা দিবস।

দিবস দু’টি উপলক্ষে জেলার সকল ফুলের দোকান, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুলের দোকানগুলোতে ভিড় জমায় ফুল কিনতে। কেউ বা ফুল কিনছেন নিজেকে সাজাতে। কেউ বা আবার ফুল কিনছেন প্রিয়জনকে উপহার দিতে। পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জেলার বিভিন্নস্থানে আয়োজন করা হয়  নানা অনুষ্ঠানের।