বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি বারবার প্রচারের উদ্যোগ নেওয়া হবে।

আজ রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন কার্যক্রম যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি যে নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং এজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রমণ থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রী যেসব উদ্যোগ ও কার্যক্রম নিয়েছেন, তার মধ্যে এটি অন্যতম। এছাড়া অন্যান্য উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি নিয়েও সভায় আলোচনা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কাজ করবেন।

তিনি বলেন, বিএনপি ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার জন্য ঢাকাসহ সারা দেশে একটি প্রচারপত্র বিতরণ করবে। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা এই প্রচারপত্র বিতরণ করা হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, সামাজিক গণমাধ্যমসহ রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার করা হবে। এসব বিষয়ে দলের পক্ষ থেকে যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, দল সেসব উদ্যোগ গ্রহণ করবে।

তিনি বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য বিএনপি এবং সরকার যেসব কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে জানানো হবে। ডেঙ্গু প্রতিরোধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলোও প্রচার করা হবে, যাতে মানুষ সচেতন হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাটবাজারে আবর্জনা রাখার ব্যবস্থা থাকতে হবে। 

এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কমিটিকে আবর্জনা রাখার ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে দল থেকে এসব বিষয় পর্যবেক্ষণ করা হবে।

বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, যেসব দলীয় পদ শূন্য হয়েছে, সেসব পদে যারা অব্যবহিত নিচে রয়েছেন, দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তাদের পদোন্নতি দেওয়া যায় কি না, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দলের কাউন্সিলের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউন্সিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। জেলা ও উপজেলা পর্যায়ে অনেক নেতা মারা গেছেন। সেসব শূন্য পদে কাদের দেওয়া যাবে, তা দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুহুল কবির রিজভী বলেন, দলের সাবেক মহাসচিব এবং বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষিত হওয়ায় আগামী ২৯ অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের জন্য দলীয় মনোনয়নপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর দলের পল্টন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে। 

রুহুল কবির রিজভী বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটি তথা দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। আজও তিনি তিনটি জেলার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি সার্বিক নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, এখন দলীয় ভিত্তিতে নির্বাচন হবে না। দলের প্রতীকে নির্বাচন হবে না। দল কোনো একজন ব্যক্তিকে সমর্থন করতে পারে। ইউপি চেয়ারম্যান পদে দল যাকে সমর্থন করবে, সবাই যাতে সমর্থন করে এবং তার পক্ষে মানুষের কাছে গিয়ে কথা বলে, সে বিষয়ে প্রধানমন্ত্রী বারবার সবাইকে বলছেন।