বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৯

রাজশাহীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ছবি : বাসস

রাজশাহী, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগর ও জেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫। 

গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা ও জেলার পুঠিয়া এসব ককটেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি এর একটি টিম মহানগরীর কাসিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফুদকিপাড়া সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ টি ককটেল উদ্ধার করা করে। 

অপর একটি অভিযানে জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর গোলচত্বর মোড় এলাকা থেকে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে হাসুয়া ৫টি, ছুরি ৫টি, লোহার শলা স্টিক ১৮টি, হাতুড়যুক্ত বাট ২টি রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাজেট ২০২৬ কে সামনে রেখে বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।