বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৩
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

ছবি : বাসস

সাতক্ষীরা, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।  

আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিততি আরো বাড়তে থাকে। দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা যাচ্ছে। 

সাতক্ষীরায় এবার ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন এবং নারী ভোটার রয়েছে ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন।

জেলার ৪টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা তরুণ ভোটার একরামুজ্জামান জনি জানান, আমার জীবনের প্রথম ভোট। ভোট দিতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। সকালে যখন ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ছিলাম, তখন মনে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল, আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে যাচ্ছি। এই অনুভূতিটা সত্যিই অসাধারণ। ভোট দিতে পেরে আমি খুবই খুশি এবং ভবিষ্যতেও সবসময় দায়িত্বশীল নাগরিক হিসেবে আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই।

আরেক তরুণ ভোটার রাকিবুল ইসলাম জানান, সুন্দর পরিবেশে আমি আমার ভোটটি দিতে পেরে খুবই খুশি। কোন প্রকার বাধা বিঘ্ন ছাড়াই এবার ভোট অনুষ্ঠিত হয়েছে।

আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের কৃষ্ণ ব্যানার্জি জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সুন্দর পরিবেশে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই খুশি।

এদিকে, সাতক্ষীরা-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব তার বাড়ি সংলগ্ন কলারোয়া উপজেলা সদরের ২ নাম্বার গোয়ালঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

জেলা রিটার্নিং অফিসার আফরোজা আখতার বাসসকে জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে প্রস্তুত প্রশাসন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।