
বগুড়া, ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পর প্রথম সাড়ে ৬ ঘণ্টায় সাতটি আসনে গড়ে ৫৩ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। তবে এ ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে ভোট গ্রহণ শুরুর পর প্রথম সাড়ে ৬ ঘণ্টায় বগুড়া-১ আসনে ৫০ দশমিক ৭৯শতাংশ, বগুড়া-২ আসনে ৫১ শতাংশ, বগুড়া-৩ আসনে ৫২ দশমিক ৯৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ৫৫ দশমিক ৮৭ শতাংশ, বগুড়া-৫ আসনে ৫১ দশমিক ১৯ শতাংশ, বগুড়া-৬ আসনে ৫৬ দশমিক ৩৪ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৫৩ দশমিক ১৮ শতাংশ ভোট পড়েছে। তবে, এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।
এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন।
বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১২টি পৌরসভা রয়েছে। জেলার সাতটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সাতটি আসনে মোট ভোটকেন্দ্র ৯৮৩টি। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী। জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে আড়াই হাজারের বেশি পুলিশ, সাড়ে ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য, ২৪ প্লাটুন বিজিবি, দেড়হাজারের বেশি সেনাসদস্য এবং আড়াইশোর বেশি ব্যাটালিয়ন আনসার।
তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।