বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে খুশি ভোটাররা

ছবি : বাসস

মেহেরপুর,  ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোট গ্রহণ শেষ হবে। 

আজ সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, তরুণ-প্রবীণরা দল বেঁধে কেন্দ্রে আসছেন। কোথাও কোথাও প্রথমবারের ভোটারদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। কেন্দ্রের বাইরে ছিল উৎসবের আমেজ। কড়া নিরাপত্তার মধ্যেও ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দৃশ্য।

মেহেরপুরে সংসদীয় আসন দুটি। মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী)। জেলায় মোট ভোটকেন্দ্র ২১৩টি। এর মধ্যে সদরে ৯০টি, মুজিবনগরে ৩৩টি এবং গাংনীতে ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

মেহেরপুর-১ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৮২ জন। মেহেরপুর-২ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৬১৫ জন। 

দুটি আসনেই নারী ভোটার সংখ্যা বেশি। বিশ্লেষকদের মতে, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণই নির্ধারণ করতে পারে প্রার্থীদের ভাগ্য। তবে ভোটার সংখ্যা বেশি হলেও জেলায় এখনো উল্লেখযোগ্য নারী নেতৃত্ব গড়ে ওঠেনি। এ বিষয়টি স্থানীয়দের মধ্যে এখন আলোচনার বিষয়। তবে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন। নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সার্বক্ষণিক তদারকিতে আছেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।