শিরোনাম

নেত্রকোণা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস): উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে নেত্রকোনা জেলার হাওর অঞ্চলের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে হাওরাঞ্চলের কৃষকদের দ্রুত পাকা বোরো ধান ঘরে তোলার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
নেত্রকোণা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী ও ‘কাবিটা’ স্কিম মনিটরিং জেলা কমিটির সদস্য-সচিব মো. সাখাওয়াত হোসেন গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত এক জরুরি দপ্তর আদেশে এই সতর্কতা জারি করেন।
আদেশে জানানো হয়, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকার প্রধান নদী, বিশেষ করে ধনু-বাউলাই নদের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েক দিন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নেত্রকোনা জেলার অপেক্ষাকৃত নিচু এলাকায় যেকোনো সময় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় হাওর এলাকার সম্ভাব্য ফসলি ক্ষয়ক্ষতি কমাতে কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে খেতের পাকা ধান দ্রুত কাটার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। দপ্তর আদেশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাপাউবো নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নদ-নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং বারহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও মদন উপজেলার নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।