বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৭

সুবিধাবঞ্চিত নারীদের পাশে ইনার হুইল ক্লাব অগ্রদূত

ছবি: বাসস

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত নারী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে ইনার হুইল ক্লাব অব অগ্রদূত। দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে স্কুলছাত্রী, গর্ভবতী নারীসহ অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে সংগঠনটি।

শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বছরব্যাপী নানা কর্মসূচিও হাতে নিয়েছে ক্লাবটি। এর আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা প্রদান এবং স্থানীয় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি রাজধানীর বনানীতে আয়োজিত ‘অফিসিয়াল ক্লাব ভিজিট’ অনুষ্ঠানে এসব মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮-এর চেয়ারম্যান শামীম খন্দকার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও প্রাইম ব্যাংকের পরিচালক নাসিম আনোয়ার হোসেন এবং ইনার হুইল ক্লাব অব অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক কাউসার জাহান ফরিদা উপস্থিত ছিলেন।

ক্লাবের চলমান দাতব্য কার্যক্রমের প্রশংসা করে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে নারীদের কল্যাণে ক্লাবের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অগ্রদূতের সভাপতি কামরুন নাহার শিউলি, বিদায়ী সভাপতি শাহিনা হাসান, সহ-সভাপতি আঞ্জুমান নাহার ও মহুয়া খায়ের, সম্পাদক শারমিন জাহান তিথি, কোষাধ্যক্ষ আঞ্জুম আক্তার বেলী, ক্লাব সেক্রেটারি মৃদুলা রশিদ, আইএসও সাবরিনা সাদাত এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিনা জামশেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।