শিরোনাম

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের সময় চাকরি হারানো ও কারখানা বন্ধ হওয়ার তথ্যটি সঠিক নয় বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, অন্তর্বর্তী সরকারের সময় বন্ধ হওয়া কারখানা ও চাকরি হারানোকে বর্তমান সরকারের দায় বলে সংসদে বিভ্রান্তি ছড়ালেন এমপি রুমিন ফারহানা।
বাংলাফ্যাক্ট আরো জানায়, সংসদে রুমিন ফারহানা দাবি করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার লোক চাকরি হারিয়েছেন এবং ৯ শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাস্তবে, এটি অন্তর্বর্তী সরকারের সময়কার ঘটনা, বর্তমান সরকারের আমলে নয় এবং তখন ৯৫টি কারখানা বন্ধ হয়েছিল, ৯ শতাধিক নয়।
বর্তমান সরকারের সময় ৬২ হাজার লোক চাকরি হারানো ও ৯ শতাধিক কারখানা বন্ধ হওয়ার তথ্যটি সঠিক নয় বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।