বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:৫০

সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘ সাড়ে নয় বছরের দায়িত্ব পালন শেষে ড. ফাহমিদা খাতুন আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

সিপিডির ৬৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ড. ফাহমিদা খাতুন ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তার নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। এ সময়ে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা বাড়ার পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ধারাবাহিক সম্পদ আহরণ, বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তার দায়িত্ব পালনের সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় বেড়েছে প্রায় ১৭১ শতাংশ।

এ ছাড়া সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা সম্প্রসারণ, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালী করতে ড. ফাহমিদা খাতুন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোগের ফলে ভবিষ্যতের অগ্রযাত্রার জন্য সিপিডি আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

সিপিডিতে যোগ দেওয়ার আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশনে ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেছেন। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা ও নীতি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন।

ড. ফাহমিদা খাতুন ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণাও করেছেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর।

ড. ফাহমিদা খাতুন দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবের মাল্টিডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য। একই সঙ্গে তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)-এর প্রোডাক্টিভ ক্যাপাসিটিজ ইনডেক্স বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডের সদস্য।

তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি ব্র্যাক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য।