শিরোনাম

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস): বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, এই দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে।
তিনি বলেন, আশা করি, ভোটাররা ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় থাকবে।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক হলেও, মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া স্বাভাবিক বিষয় নয়। আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলবো না।
তিনি বলেন, তিনি নির্বাচন প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবেন। অন্য কোনো দলের নেতাদের বা প্রার্থীদের নিয়ে অশুভ বা নোংরা ভাষা ব্যবহার করবেন না। তিনি জনগণকে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোট দেওয়ার আহ্বান জানান।
মির্জা আব্বাস আরও বলেন, তিনি কোন প্রকার গন্ডগোল বা ঝগড়ায় জড়াবেন না। তবে নির্বাচনের পরে প্রয়োজনে লড়াই করতে তিনি প্রস্তুত আছেন। শেষ পর্যন্ত তিনি এলাকাবাসীকে নিজের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং ভোটের জন্য সমর্থনের আহ্বান জানান।