বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৯

ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণে এলজিইডির প্রধানের সঙ্গে এমপি মনিরুলের মতবিনিময়

ছবি : বাসস

কুমিল্লা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণের প্রস্তাব নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও ক্যান্টনমেন্ট) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

আজ সোমবার বিকেলে এলজিইডি ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লার সুয়াগাজী থেকে গোলাবাড়ি ব্রিজ পার হয়ে দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর ও আড়াইহাজার হয়ে ঢাকার কুড়িল বিশ্বরোডে সংযুক্ত হওয়ার প্রস্তাবিত বিকল্প মহাসড়ক নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রস্তাবিত এ মহাসড়কটি নির্মিত হলে কুমিল্লা ও ঢাকার মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হওয়ার পাশাপাশি দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগে নতুন একটি গুরুত্বপূর্ণ করিডোর তৈরি হবে বলে মত দেন সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রস্তাবিত বিকল্প মহাসড়ক নির্মাণের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে ধাপে ধাপে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, প্রস্তাবিত মহাসড়কের বিভিন্ন অংশ পর্যায়ক্রমে নির্মাণ করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি নদী ও জলপথে সেতু নির্মাণের দায়িত্ব সেতু বিভাগের মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গোমতী ও মেঘনা নদীর ওপর সেতু নির্মাণসহ প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো উন্নয়নের বিষয়ও প্রস্তাবনায় রয়েছে।

মতবিনিময়কালে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা-ঢাকা যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে বিকল্প এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।