বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৭
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০০

কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন কাল

আগামীকাল ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্বীপ জেলা ভোলার সরাসরি যোগাযোগ আরও সহজ ও দ্রুততর করতে নারায়ণগঞ্জের কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল।

আগামীকাল বিকেল ৫টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর ও ইলিশার মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়। এ রুটে বিআইডব্লিউটিসির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি নিয়োজিত রয়েছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

নতুন এ ফেরি সার্ভিস ভোলার মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দ্বীপ জেলার সঙ্গে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে।

বিআইডব্লিউটিসি দেশের গুরুত্বপূর্ণ নদী সংযোগে ফেরি পারাপার এবং উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও যানবাহন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে সংস্থাটি সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে।

দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমতা আনতে কাঁচপুর-ইলিশা রুটে এ ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপের গুপ্তছড়া এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়।