শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর উত্তরায় ছয় তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয় জনে পৌঁছেছে।
আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এতে সকালে তিন জন মারা যায় বলে জানায় ফায়ার সার্ভিস।
পরে এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।
নিহত ছয় জনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একটি শিশু। নিহত অন্যান্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়িটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যায়।
তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর জিনিশপত্র ছিল। সে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।