শিরোনাম

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ঘর পুনর্নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভাষানটেক বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা নিয়ে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে পুড়ে যাওয়া ঘরগুলো নতুন করে তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যবৃন্দ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের চিকিৎসক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।