বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৮:৩২

জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে সৌদি আরবের উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর আলোচনা

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের ফাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের বৈঠক হয়। ছবি: পিআইডি

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ ( বাসস) :  আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনের ফাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাথে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের বৈঠক হয়েছে।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজ পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ সংকটকালে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা প্রদানের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলও’তে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কতিপয় মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সাথে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতাকে স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারকে অনুরোধ জানান। 

এক্ষেত্রে বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি আরবের তত্ত্বাবধানে ঢেলে সাজানোর জন্য এবং অভিবাসন প্রত্যাশী কর্মীদের আরবি ভাষা প্রশিক্ষণের জন্য অনুরোধ করেন তিনি। এতে সৌদি আরবের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যোগ্যতার স্বীকৃতি প্রদানে সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও সৌদি আরব শ্রমক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।