বাসস
  ১৪ জুন ২০২৬, ২১:১৫

আইএলওতে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের আহ্বান বাংলাদেশের

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আরও প্রতিনিধিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি কর্মক্ষেত্রের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

মন্ত্রী নেদারল্যান্ডসের সামাজিক বিষয়ক ও কর্মসংস্থানমন্ত্রী ইয়োহানেস আলেকজান্ডার ভিলব্রিফের আয়োজিত একটি উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের মধ্যাহ্নভোজে অংশ নিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানটি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি)’র ফাঁকে আয়োজন করা হয় বলে আজ প্রাপ্ত এক বার্তায় জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ জেনেভা কার্যালয়ের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। এতে ব্রাজিল, কানাডা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও আইএলও’র জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় আরিফুল হক বৈশ্বিক শ্রম শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক করার গুরুত্ব তুলে ধরেন এবং আইএলও সংবিধানের সংশোধন সংক্রান্ত ১৯৮৬ সালের ইনস্ট্রুমেন্ট কার্যকর করার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, আরও প্রতিনিধিত্বমূলক সংস্থা এর বৈধতা ও কার্যকারিতা বাড়াবে।

তিনি বলেন, আইএলও শ্রম অধিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনে কর্মীদের সক্ষম করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে, যাতে তারা বৈশ্বিক অর্থনীতিতে আরও কার্যকরভাবে অংশ নিতে পারে।

তিনি শ্রম অভিবাসনকে শোভন কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে উল্লেখ করে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম চলাচলের সুযোগ উন্নয়নে আইএলওকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ নেদারল্যান্ডসের এই উদ্যোগের প্রশংসা করে, যেখানে বিভিন্ন অঞ্চল ও উন্নয়ন স্তরের দেশগুলোকে নিয়ে আইএলওর ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্রাজিলের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী লুইজ মারিনহো, দক্ষিণ আফ্রিকার কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী নোমাখোসাজানা মেথ, কানাডার শ্রমমন্ত্রী জন জেরুকেলি, আইএলওর সহকারী মহাপরিচালক লরা থম্পসন এবং ইউরোপ ও মধ্য এশিয়ার আঞ্চলিক পরিচালক পিটার ভ্যান রয় অংশ নেন।