শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মান সম্পর্কে বেশি গুরুত্ব দিতে হবে।
আজ সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী দিনব্যাপী চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন কার্যক্রমে স্থানীয় জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় বিশেষ নির্দেশনা প্রদান করেন।
সকালে মন্ত্রী পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কের সমাপ্ত কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, "প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানের দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, যেকোনো নির্মাণ কাজ যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনবহুল এলাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।
পরবর্তীতে তিনি জাফলং ব্রিজ সংলগ্ন পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সেখানে পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণের তাগিদ দেন।
ফাঁড়ি এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কেটে সেখানে প্রচুর পরিমাণে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশ দেন।
তিনি স্থানীয় প্রশাসনকে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য জমি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
বিকেলে স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাথর কোয়ারি সচল করা প্রসঙ্গে মন্ত্রী জানান, পাথর উত্তোলনের বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে খুব শীঘ্রই উচ্চপর্যায়ের সভা করা হবে।
সিলেটের তরুণদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, "সিলেটে আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে ড্রাইভিং, ক্যাটারিং, প্লাম্বিংসহ বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ এবং চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শেখানো হবে।"
এছাড়া কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামো কাজে লাগিয়ে সেখানে রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও মন্ত্রী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা একাডেমিক ভবন এবং জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসব কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।