বাসস
  ২২ মার্চ ২০২৬, ১০:১৯

জনগণের আস্থা অটুট রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফাইল ছবি

টাঙ্গাইল, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : জনগণের আস্থা অটুট রাখতে রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সৃষ্টি হলে তা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গুজব বা অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। জনগণের আস্থা ধরে রাখতে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।

গতকাল শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পৌর শাখা কার্যালয়ে আয়োজিত এক দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে এবং অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা হবে।'

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা যাবে এবং ধনবাড়ীসহ আশপাশের এলাকার উন্নয়ন আরও বেগবান হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী দেশবাসীসহ উপস্থিত সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।