বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে সক্রিয়  এবং দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ১৩৫ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।