শিরোনাম

নারায়ণগঞ্জ, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার ভোরে মহাসড়কের সানারপাড় এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৩৫)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এছাড়া আহত যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বাসস’কে জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতির লেগুনাটি এসে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনে বসা দু’জন যাত্রী গুরুতর আহত হন। তাদের মধ্যে শাহাদাত হোসেন ঘটনাস্থলেই মারা যান। অন্য আহত যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা জুলহাস বলেন, লেগুনা ও কাভার্ডভ্যান দু’টি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই লেগুনার চালক পালিয়ে যান। পালিয়ে যাওয়া চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।