শিরোনাম

সাতক্ষীরা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার দেবহাটা উপজেলায় আজ যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দেবহাটা উপজেলার দেবীশহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম জেলার দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দেবীশহর এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের (নম্বর- সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল আলিমকে সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত (ওসি) এইচ এম শাহীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। নিহত ব্যক্তির মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।