শিরোনাম

কুমিল্লা, ২৮ আগস্ট, ২০২৬ (বাসস): বিমা কোম্পানিগুলোর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
নির্দেশনা না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেন, কোম্পানিগুলো নিয়ন্ত্রক সংস্থাকে দেওয়া তথ্য সবসময় প্রকৃত চিত্র তুলে ধরে না। গ্যারেজ বা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা শনাক্ত করা হবে।
শুক্রবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা চালু হবে। পাশাপাশি তিন থেকে চার মাসের মধ্যে চালু করা হবে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি’।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, আগামী সপ্তাহ থেকে সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও নগদায়নের অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানিকে এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিমা কোম্পানির তথ্য গোপনের সুযোগ বন্ধ করা হবে বলেও জানান তিনি। আইডিআরএতে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কোম্পানির বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।