বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৭

নেত্রকোণায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

ছবি : বাসস

নেত্রকোণা, ২৮ আগস্ট (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বন্ধ ও সিলগালা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ জানান, জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় কোনো প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।