বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৪

বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ২৮ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় কালো-সিলভার রঙের রেজিস্ট্রেশনবিহীন জিপিএক্স ডেমন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি করা হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বাসস’কে বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পুরো বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।