বাসস
  ২৮ আগস্ট ২০২৬, ২০:০১

ভিন্নমতকে সম্মান করা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় : শামীম

ছবি: বাসস

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। পরস্পরের মতামতকে সম্মান করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরাই একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয়। অন্যের মতকে সম্মান করতে হবে, অসত্য ও গুজব থেকে দূরে থাকতে হবে এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করতে হবে।

আজ সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তি ও তর্কের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। কে পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে-সেটি গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো যুক্তি দিয়ে নিজের কথা উপস্থাপন করা। এখানে কোনো হিংসাত্মক বক্তব্য থাকবে না। সহনশীলতার সঙ্গে বিতর্ক করতে হবে। তাই আজকের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত-প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং যুক্তি ও জ্ঞানের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি প্রমুখ।