বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১০:৪২

বাগেরহাটে যৌথ অভিযানে সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

বাগেরহাট, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট সদর মডেল থানার যৌথ অভিযানে গতকাল সোমবার সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় চোর চক্রের কাছ থেকে চোরাই ৮টি ইজিবাইক এবং ১২টি শ্যালো মেশিন (নসিমন/ভটভটি তৈরিতে ব্যবহৃত) উদ্ধার করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার বাসস’কে জানান, জেলায় দীর্ঘদিন ধরে ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা ঘটছিল। এসব অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা ও বাগেরহাট সদর মডেল থানা তথ্য- প্রযুক্তির সহায়তায় বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে।

তিনি জানান, বাগেরহাট সদর মডেল থানার মামলা নং-১৪ (তারিখ: ১২ জুলাই ২০২৬; ধারা: ৩২৮/৩৭৯/৩০২/৩৪, পেনাল কোড)-এর তদন্তের সূত্র ধরে গত ২ আগস্ট মূল অভিযুক্ত মো. ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের আরও ৩ সদস্য- শাহ আলম (২৯), পিতা: ইউনুস শিকদার, গ্রামের বাড়ি বাসাবাটি; আব্দুল্লাহ সরদার (২১), পিতা: নয়ন সরদার, গ্রামের বাড়ি ফতেপুর; এবং আব্দুল হালিম (৪৫), পিতা: মৃত আব্দুল গনি, গ্রামের বাড়ি খারদ্বার- কে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালো মেশিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘মাদক চোরাকারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধী চক্রের বিরুদ্ধে বাগেরহাট জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’