বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১২:২১

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন; ৪ জনকে ১ মাসের কারাদণ্ড

বরিশাল, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : বরিশালে গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৎপরতায় কীর্ত্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে এক ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দিবাগত রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ঘটনাস্থলে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান সিফাত জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি জানতে পেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রলারযোগে ঘটনাস্থলে পৌঁছে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেন। পরে তারা বিষয়টি
তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম বাসস’কে জানান, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড এবং একটি ড্রেজার থেকে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।