বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১২:২৫

লক্ষ্মীপুরে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ছবি: বাসস

লক্ষ্মীপুর, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৬৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শালীজ কালেকশনের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল। 

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মকরধ্বজ এলাকার বরকন্দাজ বাড়ির আলমগীর হোসেন (৪০) এবং মান্দারী ইউনিয়নের মটবী এলাকার মেহেদী হাসান (১৯)।

ডিবি পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় আলমগীর হোসেনের কাছ থেকে ৯৮০ পিস এবং মেহেদী হাসানের কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধার মোট ১ হাজার ৫৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ২ ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক কারবার ও মাদক বিস্তার রোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।