বাসস
  ০৪ আগস্ট ২০২৬, ১১:৩৫

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে চিকিৎসা সেবা প্রদান

গতকাল শরণখোলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাগেরহাট, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার বিকেলে বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় জনপদের মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।